‹ হোম
কবিতা

শোকের পুনরাবৃত্তি

খুশবু বিনতে তৈয়ব

তুমি হৃদয়ে এসেছিলে বসন্তের আরক্ত ফুল হয়ে;
আর চলে গেলে নীরবে—এই হৃদয়ে অসুখ বাঁধিয়ে।
তুমি জীবনে এসেছিলে হৃদয়ের সুকুন হয়ে;
আর প্রত্যাখ্যান করলে হৃদ গভীরে আঘাত দিয়ে!
বাস্তবতার অজুহাত দেখিয়ে মেরে ফেললে আমায়;
তবে কেন ঘর বেঁধেছিলে তব হৃদয়ের মিথ্যে প্রণয়ে?
কেন জড়ালে মায়ায়, দেখালে শত-সহস্র স্বপ্ন?
কেন আমি হলাম তোমার কলমের অলিখিত গল্প?
লেখক, ভিতর ঘরে আগুন জ্বালিয়ে ঠিক করোনি।
এই আগুন তোমায়ও ছোঁবে—এটা তারই স্মরনী!
না না, আমি অভিশাপ দিচ্ছি না, লেখক!
আমি চাই তোলপাড় করা শোক পুনরাবৃত্তি হোক—
তোমার হৃদয়ের অপ্রশস্ত অন্দরমহলে।