‹ হোম
কবিতা

অভিলাষ

খুশবু বিনতে তৈয়ব

প্রিয়তম প্রেমিক!
আমাদের জীবনে একটা অনন্ত রাত আসুক।
কথারা ফুরিয়ে যাক, নীরবে এই অধর হাসুক।
আমাদের ভালো বাসুক জ্যোৎস্না মেখে রাত,
আমাদের প্রেম আঁকা হোক হাতে রেখে হাত।
রাত্রি গভীর হোক, মুছে যাক হৃদয়ের শোক;
অন্তরে জাগুক ফের আমি-তুমি প্রণয়ের রোগ।
প্রেমের বাতায়নে আমি-তুমি দাঁড়াই-না আবার,
বিনি সুতোয় গাঁথা প্রেমে হৃদয় হাসুক আমার।
এই মস্ত শহরের ভাষা হোক সবরের চুপকথা,
নীরবতা নিবারক হয়ে মুছে দিক হৃদয় ব্যাথা।

শুনছো!
আমাদের জীবনে অন্তত একটা অনন্ত রাত আসুক!
প্রণয়ের কলমে লেখা হোক দুজনার সুপ্ত প্রেমাসুখ।
আমাদের জীবনে অন্তত একটা অনন্ত রাত আসুক!
সুখেরা আলো ছড়াক, আঁধারে হারিয়ে যাক দুখ।

এই শুনছো!

আমাদের জীবনে একটা অনন্ত রাত আসুক প্রেমের।
আমাদের প্রেম নিয়ে কেউ কাব্য লেখুক প্রণয় ফ্রেমের।
আমাদের ভাষা হোক নৈঃশব্দ্য, কথা বলুক চোখ,
আমি-তুমি চোখে রেখে চোখ চেয়ে থাকি অপলক!
আমাদের জীবনে অন্তত একটা অনন্ত রাত আসুক;
কেউ হৃদয়ের কলমে লিখুক দুজনার অসুখ-বিসুখ!