‹ হোম
কবিতা

নাম খুঁজে পাই না

খুশবু বিনতে তৈয়ব

কার আতরের গন্ধ ভাসে নাকে!
সাঁঝের বেলায় কে ডাকে আমাকে?
কার আলেয়ায় পথ ভুলে যাই রোজ!
কে আড়ালে খোঁজ নিতে নিখোঁজ?
মন বাগানে হাটলো কে নীরবে!
কে-বা আবার বাঁধলো প্রণয় কবে!
কোন আবেগে চাঁদটা ছড়ায় জ্যোতি!
কোন সুদূরে স্বপ্ন হারায় দ্যুতি!
কোন গগনে মেঘ কাঁদে রোজ একা!
কোন কারণে পাইনা তোমার দেখা?
কার বারণে প্রেমের অনিয়ম!
কার স্মরণে তোমার ফুরায় দম?
এই অবেলায় কে থাকে কার শোকে!
কষ্ট জমা থাকুক ছোট্টো বুকে।
এই নিশীথে আসে না কেন ঘুম?
পাইনা কেন মায়ের ঠোঁটের চুম?