স্মৃতির পসরা
একপেয়ে শালিকের বুকে
বিচ্ছেদের ছবি এঁকে দেয় দখিনা হাওয়া।
তার সুরে ভেসে আসে পরিচিত ঘ্রান মাখা বেদনার গান।
প্রাক্তন কণ্ঠস্বর জেগে ওঠে;
বিদ্ধ হৃদয় জুড়ে লিখে দেয় ভুলে বসা স্মৃতির পয়গাম।
লুকিয়ে রাখা ছিন্নপত্রে উঁকি দেয়
পুরানা প্রেমের যত ফেলে আসা আহ্বান।
হৃদয় অববাহিকায় মরুভূমির শূন্যতা ভর করে।
লাগামহীন বিষাদ চেপে বসে বুকে।
আহত পাখির ডানা ঝাপটানো দেখে
খাঁচা হতে চায় প্রেমিক।
বুঝে না— বুকের ঘরে পোষ মানে না যে পাখি
খাঁচায় তাকে আটকানো যায় না।
সে উড়ে যায় একা করে
আর শতাব্দীর দুঃখ-মাখা বুকে বেজে উঠে বিচ্ছেদের দামামা।