ব্যর্থতা
একটা জীবন এভাবেই পেরিয়ে যাই
নিঃশেষ করে দিই কর্পূরের মতো।
তুঁতমা দানার মতো
চুপসানো হৃদয় নিয়ে
ছুটে যাই তোমার কাছে।
একটু শুশ্রূষা পাব ভেবে;
যাবতীয় দুঃখের কথা
তোমাকে বলে যায় নির্দিধায়।
তোমাকে শুনাই পৌরাণিক প্রেমের গান।
তোমার সমস্ত অবহেলা
ধুলায় মিশিয়ে আঁকি
ভালোবাসার কারুকার্য।
পাশে পাশে থাকি—
যেন চোখের আড়াল না হও।
তোমার নাকের নথে
বাঁধা পড়ে থাকি,
তবু বুঝাতে পারি না;
তোমার হাতের ছোঁয়া পেলেই
ফুলেফেঁপে উঠবে ভগ্ন হৃদয়।